বনমানুষদের মন্তিষ্ক মানুষের মতো ভালো না হলেও পশু জগতে বাকি সকলের চাইতে ভালো। কিন্তু ওরা কেউ কথা বলতে পারে না। হাতিয়ারের মতো ভাষাও একমাত্র মানুষেরই সম্পদ। তার কারণ কিন্তু মানুষদের গলার স্বরযন্ত্রটুকুরই বৈশিষ্ট্য নয়। কারণ বনমানুষদের প্রয়োজনীয় স্বরযন্ত্র থাকার পরেও প্রকাশ করার মতো তাদের মাথায় কোন ধারণা নেই, কোনো চিন্তা নেই।

কথা বলা মানে আসলে কী? স্বর দিয়ে, শব্দ দিয়ে মরে ধারণা বা মনের চিন্তাকে ফুটিয়ে তুলতে পারা।
চিন্তা ছাড়া ভাষা হয় না।
চিন্তা না করতে পারলে কথা কওয়া যায় না।
কিন্তু ভাষা ছাড়া কি চিন্তা করা যায়? তাও না। এ নিয়ে আধুনিক বৈজ্ঞানিকেরা গবেষণা করেছেন। তাঁরা বলছেন, চিন্তা আসলে অনুচ্চারিত ভাষা ছাড়া কিছু নয়। কথা কওয়াই - তবে উচ্চারণ করে নয়, যেন মনে মনে কথা কওয়া, যেন গোপনে কথা কওয়া, যেন নিঃশব্দে কথা কওয়া।